দক্ষিণ পূর্ব

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে চট্টগ্রাম নগরী

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১০:৫৩ দুপুর
পঠিত : ২৭
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে চট্টগ্রাম নগরী

ছবি

Degchibarictg

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। চার স্তরের নিরাপত্তাবলয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ স্থানগুলো। পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং প্রস্তুত রাখা হয়েছে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।

মঙ্গলবার সন্ধ্যায় নগরের রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর। এ কর্মসূচিকে কেন্দ্র করে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭-এর একটি দল। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই পরিদর্শনে প্রশিক্ষিত স্নিফার ডগ ব্যবহার করা হয়।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়, জনসমাগমস্থল ও প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে বাড়ানো হয়েছে নজরদারি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ স্ট্রাইকিং ফোর্স। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নির্দেশনা ও সমন্বয়ে অনুসরণ করা হচ্ছে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল।

প্রধানমন্ত্রীর সফরের পাশাপাশি দুর্গাপূজাকে কেন্দ্র করেও নগর ও জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগর ও জেলায় প্রায় ২ হাজার ৬০০টি পূজামণ্ডপ ঘিরে নিরাপত্তা কার্যক্রম চলছে। এসব স্থানে নিয়মিত টহল, পরিদর্শন ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন, পূজা উদ্‌যাপন কমিটি ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে নজরদারি রাখা হচ্ছে, যাতে গুজব, অপতথ্য ছড়ানো কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকানো যায়।

সিএমপি কমিশনারের ভাষ্য অনুযায়ী, পূজা উদ্‌যাপন কমিটি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিএমপির বিভিন্ন ইউনিটকে নিজ নিজ দায়িত্ব সতর্কতার সঙ্গে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। সেখান থেকে তিনি সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন। সন্ধ্যা ৬টার দিকে সেখানে পৌঁছে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে রাত পৌনে ৮টার দিকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে রাত সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন রাখা, দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখাকে সামনে রেখে এ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব ইউনিটকে সতর্ক ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে সিএমপি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।