দক্ষিণ পূর্ব

প্রধানমন্ত্রীর উপহার পেল এসএসসিতে চট্টগ্রামে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সাদমান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬
পঠিত :
প্রধানমন্ত্রীর উপহার পেল এসএসসিতে চট্টগ্রামে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সাদমান

ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী সাদমান ইসলামের অসাধারণ সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সাদমানের এই কৃতিত্বকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া বিশেষ উপহার, শুভেচ্ছা ও অভিনন্দন সোমবার (১৭ আগস্ট) সাদমানের কাছে পৌঁছে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা।

 

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী সাদমান ইসলাম এবারের এসএসসি পরীক্ষায় ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২৭১ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এটি সর্বোচ্চ নম্বর।

 

সোমবার সাদমানের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাত করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি এবং সদস্য সচিব নাজিমুর রহমান। বিএনপি নেতারা সাদমানের সঙ্গে তার পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। 

এ সময় সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ।

 

মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সাদমান যে কৃতিত্ব অর্জন করেছে, তা অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। ভালো ফলাফল অর্জন পাশাপাশি ভবিষ্যতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করাই হবে তার সবচেয়ে বড় অর্জন। সাদমানের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। 

 

শুধু একাডেমিক পড়াশোনায় নয়, বিভিন্ন অলিম্পিয়াডেও সাদমান ইসলামের রয়েছে সাফল্য। সে গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড ও ইংরেজি অলিম্পিয়াডে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে সুযোগ অর্জন করেছে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মেধাভিত্তিক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য তার বহুমাত্রিক মেধা ও আগ্রহেরই পরিচয় বহন করে।

 

সাদমানের এই কৃতিত্বের জন্য তার পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতিও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছৈয়দ আজম উদ্দিন, অ্যাডভোকেট আবদুস সাত্তার, নিয়াজ মোহাম্মদ খান ও এস এম সাইফুলসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

আরএইচ/দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।