নিজস্ব প্রতিবেদক
আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেএম সেন হলের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি।
শনিবার (১৭ অক্টোবর) রাতে তিনি জেএম সেন হল পরিদর্শন করেন। এ সময় শারদীয় দুর্গোৎসব উদ্যাপন এবং প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংগঠনের নেতৃবৃন্দকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটিসহ পার্বত্য জেলার বিভিন্ন থানা এলাকায় সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। দিনভর কর্মসূচি শেষে ক্লান্ত শরীর নিয়েও রাতে জেএম সেন হলে উপস্থিত হয়ে তিনি প্রস্তুতি তদারকি করেন।
এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অপু চৌধুরী আকাশসহ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।
দক্ষিণপূর্ব/এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।