দক্ষিণ পূর্ব

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বদলে গেছে চট্টগ্রামের চেহারা

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ০৬:০৭ সকাল
পঠিত : ৩১
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বদলে গেছে চট্টগ্রামের চেহারা

ছবি সংগৃহীত

Degchibarictg

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সড়ক সংস্কারের বিশেষ কর্মযজ্ঞ। দীর্ঘদিনের দখলদারত্ব থেকে মুক্ত করা হয়েছে ফুটপাত। সংস্কার করা হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। কোথাও নতুন করে কার্পেটিং, কোথাও সড়কবাতি মেরামত, আবার কোথাও সড়ক বিভাজকে লাগানো হয়েছে ফুলের চারা। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরীর পরিচিত দৃশ্যপটে এসেছে পরিবর্তন।

ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসীও। রবিউল ইসলাম নামের এক পথচারী বলেন, সর্বশেষ কবে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে হেঁটেছেন, তা তাঁর মনে নেই। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফুটপাত দখলমুক্ত করায় এখন সহজেই চলাচল করতে পারছেন তিনি। তাঁর প্রত্যাশা, প্রধানমন্ত্রী নিয়মিত চট্টগ্রাম সফর করলে নগরীর চেহারায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এরপর কাজীর দেউড়ি এলাকার সার্কিট হাউসে বিশ্রাম নেওয়ার পাশাপাশি রেডিসন ব্লু হোটেলে দলীয় সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর যাতায়াতের সম্ভাব্য পথগুলোতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে সংস্কারকাজ চালানো হয়েছে। সড়কের গর্ত ও খানাখন্দ মেরামত করে নতুন করে কার্পেটিং করা হয়েছে। পরিষ্কার করা হয়েছে রাস্তাঘাট ও ফুটপাত। অপসারণ করা হচ্ছে ব্যানার-পোস্টার। নগরীর সৌন্দর্য বাড়াতে নতুন সড়কবাতি স্থাপন এবং অচল বাতি সচল করার উদ্যোগও নেওয়া হয়েছে।

তবে সিটি করপোরেশনের কর্মকর্তাদের দাবি, এসব কাজ নগরীর নিয়মিত সংস্কার কার্যক্রমের অংশ। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে কাজগুলো দ্রুত সম্পন্ন করতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানস্থল জে এম সেন হল ঘিরেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবার বিকালে সরেজমিনে দেখা যায়, হলের প্রবেশপথে নির্মাণ করা হয়েছে তোরণ। মূল অনুষ্ঠানস্থল পর্যন্ত করা হয়েছে আলোকসজ্জা। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে স্থাপন করা হয়েছে ডিজিটাল পর্দা। চলছে সাজসজ্জার অন্যান্য কাজও।

dokkhinpurbo-com.5f749e8f10ca031d0b2a9608b8249f31.webp?v=1792476417

ঐতিহাসিক জে এম সেন হলের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি। এ স্থানে মাস্টারদা সূর্য সেন, যাত্রা মোহন সেনগুপ্ত, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, নেলী সেনগুপ্তা ও মহিমচন্দ্র দাসের আবক্ষ মূর্তি সংস্কার করা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রস্তুতি পরিদর্শন শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জে এম সেন হলকে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। অনুষ্ঠানস্থলে ব্যানার-পোস্টার রাখা হচ্ছে না। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরদের আবক্ষ মূর্তিগুলোও সংস্কার করা হয়েছে।

মেয়র বলেন, পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক নগরী হিসেবে চট্টগ্রামকে সাজিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করতে সিটি করপোরেশন প্রস্তুত। এ উপলক্ষে সড়ক উন্নয়ন, সৌন্দর্যবর্ধন, ঐতিহাসিক স্থাপনা সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে নগরীর উন্নয়ন কার্যক্রমকে শুধু প্রধানমন্ত্রীর সফরের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না বলে জানান মেয়র। তাঁর ভাষ্য, নগরবাসীর দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যেই ধারাবাহিকভাবে কাজ করছে সিটি করপোরেশন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।