দক্ষিণ পূর্ব

প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ

RAFIQ HYDER
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫
পঠিত :
প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ
ডেস্ক রিপোর্ট

বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল শাহবাগে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন পুলিশের লাঠিপেটায়। শিক্ষকদের ওপর কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান থেকে গরম পানিও ছোড়া হয়।

 শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সহকারী শিক্ষকেরা। বিকেলে তাঁরা মিছিল নিয়ে শাহবাগে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। শিক্ষকেরা ব্যারিকেড ভাঙতে চাইলে পুলিশ তাঁদের ওপর চড়াও হয়।

শিক্ষকেরা অভিযোগ করেছেন, পুলিশ বিনা উসকানিতে তাঁদের ওপর হামলা চালায়। অন্যদিকে পুলিশ বলছে, শিক্ষকেরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে চাইলে তাঁদের বাধা দেওয়া হয়।


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে দেওয়া, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।

কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষকেরা শাহবাগ অভিমুখে রওনা দেন। বিকেল চারটার দিকে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে এসে তাঁরা পুলিশ ব্যারিকেডে পড়েন।

শিক্ষকেরা জানান, শহীদ মিনার থেকে শাহবাগ চত্বর অভিমুখে পদযাত্রা ও প্রজ্ঞাপনে স্বাক্ষরের জন্য কর্তৃপক্ষের উদ্দেশ্যে কলম সমর্পণের কর্মসূচি ছিল তাঁদের। গণগ্রন্থাগারের সামনে পুলিশ তাঁদের আটকে দিলে তাঁরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর লাঠিপেটার পাশাপাশি জলকামান ব্যবহার করে।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। হামলায় অর্ধশতাধিক শিক্ষক রক্তাক্ত হয়েছেন। দুজনকে পুলিশ ধরে নিয়ে গেছে।’

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শিক্ষকেরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ শাহবাগে ব্যারিকেড দেয়। তাঁরা সেটা ভাঙার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

গ্রেপ্তারেরর বিষয়ে তিনি বলেন, ‘দুই-একজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষকদের পরবর্তী কর্মসূচি জানতে চাইলে শামছুদ্দীন বলেন, ‘আমরা এখন শহীদ মিনারে অবস্থান করব। আরও কঠোর কর্মসূচিতে যাব।’

সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকেরাও দাবি আদায়ে ঢাকায় কর্মসূচি পালন করছিলেন। তাঁদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটার ঘটনা ব্যাপক সমালোচনায় পড়ে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।