দক্ষিণ পূর্ব

প্রয়াত তোফায়েল আহমেদ ; প্রথম জানাজা ধানমন্ডিতে

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১ জুন ২০২৬
পঠিত :
প্রয়াত তোফায়েল আহমেদ ; প্রথম জানাজা ধানমন্ডিতে

ফাইল ছবি

দেশের প্রবীণ রাজনীতিক,নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক বাণিজ্যমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হবে। মঙ্গলবার তাঁর মরদেহ নিজ জেলা ভোলায় নেওয়া হবে। সেখানে জোহরের নামাজের পর ভোলা জিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

 

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। শিক্ষাজীবনে তিনি বরিশালের ব্রজমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

ছাত্ররাজনীতিতে তাঁর উত্থান ঘটে ষাটের দশকের শেষভাগে। ১৯৬৮-৬৯ সালের গণআন্দোলনে তিনি ডাকসুর সহ-সভাপতি (ভিপি) হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ১৯৬৯-এর গণঅভ্যুত্থান-এ ছাত্রনেতৃত্বের অন্যতম মুখ ছিলেন তিনি।

 

১৯৭০ সালের নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত  বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর তিনি নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য এবং সর্বশেষ উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।