চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে কুপিয়ে আহত করে প্রায় সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধাওয়া করে দুজনকে আটক করেছেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে চা বাগানে ফেরার পথে বাগানের প্রবেশগেটের কিছুটা আগে একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংক থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা তুলে চা বাগানে ফিরছিলেন ম্যানেজার ও সহকারী ম্যানেজার। পথে কয়েকজন দুর্বৃত্ত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে তাদের কুপিয়ে আহত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে দুজনকে আটক করেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার সময় মসজিদের পাশে চা বাগানের ম্যানেজারের ওপর হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।