দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে ঝুলন্ত অবস্থায় মুক্তিযোদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ জুন ২০২৬
পঠিত :
ফটিকছড়িতে ঝুলন্ত অবস্থায় মুক্তিযোদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার

ছবি

ফটিকছড়িতে পৃথক ঘটনায় এক মুক্তিযোদ্ধাসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার দুটি স্থানে এসব ঘটনা ঘটে। 

 

পুলিশ জানায়, ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামজার টিলা এলাকায় নিজ বাসভবনের সিঁড়ির নিচে ঝুলন্ত অবস্থায় মুক্তিযোদ্ধা জহুরুল আনোয়ারের (৭৫) মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

নিহতের ছেলে মো. খালেদ জানান, সম্প্রতি তাঁর বাবা এক আত্মীয়ের কাছে কিছু জমি বিক্রি করেছিলেন। ওই জমি-সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কয়েকদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন। এছাড়া তাঁর অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা ছিল না।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, জহুরুল আনোয়ার এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পাশাপাশি জমি-সংক্রান্ত একটি দেওয়ানি মামলার কারণে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

এদিকে একই দিন উপজেলার বিবিরহাট বাজার ট্যাক্সি স্টেশনসংলগ্ন একটি পাঁচতলা ভবন থেকে ফারুক (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারায়ণহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইয়াসিনপুর গ্রামের নুরুল আবছারের ছেলে।

 

স্থানীয়রা ভবনের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

 

ওসি রবিউল আলম খান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। এ ঘটনায়ও অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

পুলিশ জানায়,মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।