দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে বিদ্যুতের টাওয়ারে ঘণ্টার পর ঘণ্টা, অক্ষত উদ্ধার যুবক

saiful
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬
পঠিত : ৫৯
ফটিকছড়িতে বিদ্যুতের টাওয়ারে ঘণ্টার পর ঘণ্টা, অক্ষত উদ্ধার যুবক

বৈদ্যুতিক টাওয়ার থেকে অক্ষত উদ্ধার যুবক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি


চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের চূড়ায় উঠে বসে থাকা এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার ভূজপুর থানার ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে নিরাপদে নিচে নামিয়ে আনে।


উদ্ধার হওয়া যুবকের নাম তানজিব (২৫)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। স্থানীয় লোকজন সকালে টাওয়ারের অনেক ওপরে তাকে বসে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়।


স্থানীয় বাসিন্দারা জানান, উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের চূড়ায় যুবককে দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নিরাপদে নামানোর চেষ্টা শুরু করেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান বেশ সময়সাপেক্ষ হয়ে ওঠে। কয়েক ঘণ্টা পর তাকে টাওয়ার থেকে নিচে নামিয়ে আনা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক-দুই মাস আগে পরিবারের সঙ্গে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে এসেছিলেন তানজিব। সেখানে পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে নিজ এলাকায় ফিরে যান।


ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, তানজিবকে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার থেকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। পরিবারের সদস্যরা এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।


পুলিশের ভাষ্য অনুযায়ী, তানজিব মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে এবং কী কারণে তিনি এত উঁচু বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে উঠেছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।


এদিকে, জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারে এমন ঝুঁকিপূর্ণভাবে ওঠার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করতে পারায় স্বস্তি ফিরেছে এলাকায়।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।