চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিদ্যমান থানার পাশাপাশি আরও তিনটি নতুন থানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়ি ভৌগোলিকভাবে চট্টগ্রামের অন্যতম বৃহৎ উপজেলা। অনেক ইউনিয়ন উপজেলা সদর ও বর্তমান থানা থেকে অনেক দূরে হওয়ায় সাধারণ মানুষকে পুলিশি সেবা পেতে ভোগান্তির মুখে পড়তে হয়। এ বাস্তবতা বিবেচনায় নতুন তিনটি থানা প্রতিষ্ঠার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। প্রক্রিয়া সম্পন্ন হলে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, মব ভায়োলেন্স ও বাল্যবিবাহের বিরুদ্ধে সরকার 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। এসব অপরাধ দমনে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকার পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের বিষয়েও কথা বলেন সংসদ সদস্য। তিনি বলেন, উত্তর উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে মতপার্থক্য রয়েছে।
আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো প্রয়োজন।কোনো কারণে প্রস্তাব বাতিল হয়ে গেলে ভবিষ্যতে তা পুনরায় বাস্তবায়ন করা কঠিন হতে পারে।
তিনি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একটি নিরাপদ, আধুনিক ও সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।