ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে সৌদি প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আপন ভাই ও তাদের দুই প্রতিবেশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।ঘটনাস্থলে দুই জন ও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন সহ মোট তিন জনের মৃত্যু হয়।
শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ এই দুর্ঘটনার শিকার হয় ভূজপুরের এই পরিবারটি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছর আগে সৌদি আরবে মারা যান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর গ্রামের বাসিন্দা প্রবাসী রুবেল।আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ শনিবার সকালে ঢাকায় পৌঁছায়।
মৃত রুবেলের পরিবারের সদস্য ও তার প্রতিবেশীদের কয়েকজন সহ মৃতদেহটি নিয়ে ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা দেন। বিকেল নাগাদ চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় পৌঁছলে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি ১৪ চাকার লরি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন রুবেলের বড় ভাই বাবুল (৩২) ও প্রতিবেশী ওসমান মিয়া (৪০) ও প্রতিবেশী বশির মিয়া (৩০)। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত বশির মিয়াকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।
নিহতের ঘটনা তাদের নিজ বাড়ি ফটিকছড়ির ভূজপুরে ছড়িয়ে পড়লে মৃত রুবেলের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠছে।
স্থানীয়রা জানিয়েছেন, লাশবাহী গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।’ তিনি আরও জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।