ফটিকছড়ি সংবাদদাতা
ফটিকছড়িতে দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা একটি সড়ক আজ পুরো গ্রামবাসীর জন্য পরিণত হয়েছে দুর্ভোগ আর আতঙ্কের প্রতীকে। উপজেলার নাজিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ইমাম নগরে 'বোর্ডস্কুল-এবিসি লিংক' নামের এই সড়কের অবস্থান। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। অথচ ভাঙাচোরা এ সড়ক যেন কারো দেখার সময় নেই।
স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে এলাকার মানুষ ছাড়াও স্থানীয় ৩টি মাদ্রাসা, ২টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন।
সরেজমিনে দেখা গেছে, সড়কের জীবন পণ্ডিত বাড়ি ও জয়নব খাতুনের বাবার বাড়ির সামনের অংশে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। স্কুলগামী কোমলমতি শিশুরা দুঃসহ ভোগান্তি নিয়ে হাঁটছে কাদা-মাটির মধ্যে দিয়ে। কেউ পিছলে পড়ে আহত হচ্ছে, আবার কেউ অসুস্থ হয়ে পথেই কাহিল হয়ে পড়ছে। বর্ষার পানি জমে সড়কের একাংশ দেবে গিয়ে এখন তা অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন বুক ধড়ফড় নিয়ে এই পথ পার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা মো. জাবেদ আক্ষেপ করে বলেন, 'আমরা কতবার যে অভিযোগ দিয়েছি তার হিসাব নেই। লিখিতভাবে জানিয়েছি, বারবার বলেছি-কিন্তু সাড়া মেলেনি। শুধু আশ্বাস পাই, কাজ দেখি না।'
স্থানীয় সমাজকর্মী অহিদুল আলম জানান, 'প্রকৌশলী এসে দেখে গেছেন, আবেদনও দেওয়া হয়েছে। তবুও কোনো উদ্যোগ নেই। আমরা যেন শুধু আশার বাণী শুনে যাচ্ছি।'
আরেকজন বাসিন্দা কিবরিয়া শঙ্কা প্রকাশ করে বলেন, 'ভাঙনের পাশে বৈদ্যুতিক খুঁটি আছে। যেকোনো সময় সেটা হেলে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সড়ক মেরামত না হলে কয়েকটি গ্রামের মানুষ মৃত্যুঝুঁকি নিয়েই পথ চলতে বাধ্য হবে।'
স্থানীয় রাজনৈতিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের অবহেলায় একটি গুরুত্বপূর্ণ সড়ক ধ্বংসের পথে। জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় বিপর্যয়।
গ্রামের মানুষদের ভাষায়-এই সড়কটি শুধু একটি পথ নয়, এটি তাদের জীবনের শ্বাস-প্রশ্বাস। তাই তাঁদের এখন একটাই দাবি-জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হোক।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।