ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়িতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মাকে পৌঁছে দিতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এক যুবক। দুর্ঘটনায় গুরুতর আহত ওই যুবক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে, হাসপাতাল পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে থাকা তাঁর মা মৃত্যুবরণ করেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফটিকছড়ির বিবিরহাট ১নং রোড এলাকায়। পশ্চিম ভূজপুরের বাসিন্দা মোহাম্মদ ওবায়দুল্লাহ তাঁর অসুস্থ মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে রওনা দেন। একই সময় তিনি নিজে বাইকে করে অ্যাম্বুলেন্সটির সঙ্গে যাচ্ছিলেন।
বিবিরহাট এলাকায় পৌঁছালে রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ওই দুর্ঘটনার কিছুক্ষণ আগেই হাটহাজারী এলাকায় পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের ভেতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা।
স্থানীয়রা জানায় দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। একদিকে ছেলের গুরুতর আঘাত অন্যদিকে মায়ের করুণ মৃত্যু,ঘটনাটি সকলকে মর্মাহত করেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।