চট্টগ্রামের ফটিকছড়িতে ১৫ আগস্ট ঘিরে মশাল মিছিল বের করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের সহায়তায় তাঁদের মধ্যে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অপর একজনকে পূর্বের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার পাইন্দং ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মশাল মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিল থেকে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও শোক প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, মিছিলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। পরে পাইন্দং এলাকায় তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
আটক ব্যক্তিরা হলেন—পাইন্দং ইউনিয়নের পশ্চিম খাইদচটি এলাকার শহীদুল আলম মেহরাফ (২৪), উত্তর পাইন্দং এলাকার মোহাম্মদ রাকিব হাসান (২০) এবং কাঞ্চননগর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চননগর পূর্ব উকিল বাড়ি এলাকার আবু জাফর রুবেল (৩৫)।
স্থানীয় সূত্রের দাবি, শহীদুল আলম মেহরাফ ও মোহাম্মদ রাকিব হাসান আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
অপরদিকে পুলিশ জানায়, আবু জাফর রুবেলের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় ২০২৪ সালের ৮ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়েছে। ফটিকছড়ি থানার মামলা নং-০৬, তারিখ ৮ নভেম্বর ২০২৪-এর ওই মামলায় The Explosive Substances Act, 1908-এর ৩ ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩৭৯, ৩২৪, ৩০৭, ৫০৬(২) ও ৪৩৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি সাইফুদ্দিন সুমন বলেন, “ফটিকছড়ির মাটিতে কাউকে অস্থিতিশীল কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। কেউ করতে চাইলে আমরা প্রতিরোধ করব।”
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।