দক্ষিণ পূর্ব

ফটিকছড়ির বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬
পঠিত :
ফটিকছড়ির বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

ফটিকছড়ি প্রতিনিধি 

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক দায়িত্ববোধ থেকে গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে গত শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

 

এ কর্মসূচির আওতায় উপজেলার পূর্ব ভুজপুর, সুন্দরপুর ও ভক্তপুর ইউনিয়নের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। এসব খাদ্যসামগ্রী বন্যাকবলিত পরিবারগুলোর কয়েক দিনের খাদ্যসংকট মোকাবিলায় সহায়ক হবে বলে জানানো হয়েছে।

 

ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা দুর্গত পরিবারের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক পরিবারের বসতঘরে পানি ঢুকে পড়ায় তারা নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। পানিবন্দি মানুষের মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এই ত্রাণ কার্যক্রম দুর্গত মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

 

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তাদের সাংবিধানিক ও মানবিক দায়িত্বের অংশ। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরএইচ / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।