নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে একে অপরের নাম উল্লেখ না করেও তীব্র বাক্য বিনিময়ে জড়ালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের রাজনৈতিক পরিচয় ঘিরেই এ বিতর্কের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন অনেকেই।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে লেখেন— একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারণা করা হচ্ছে ইঙ্গিতটি সাকিব আল হাসানের দিকেই।
এর আগে রাত ৯টার দিকে সাকিব নিজের ফেসবুকে কানাডায় অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন— শুভ জন্মদিন, আপা।
এরপর রাত ১১টা ২০ মিনিটের দিকে সাকিব ফের স্ট্যাটাস দিয়ে লেখেন— যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় সাকিব আল হাসান কানাডায় ছিলেন। নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর তিনি দেশে আর ফিরতে পারেননি। তার বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গত অক্টোবরে শেষ টেস্ট খেলতে দেশে ফিরতে চাইলে সরকারের অনুমতি না পেয়ে মাঝপথেই যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।