দক্ষিণপূর্ব ডেস্ক
গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা ফ্যাসিবাদকে সমর্থন করে, তারাই গণভোটে ‘না’-এর পক্ষে প্রচার চালাবে। আর যারা জনগণের অধিকার, ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং গুম ও ক্রসফায়ার বন্ধ চায়, তারাই ‘হ্যাঁ’-তে ভোট দেবে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণভোট উপলক্ষে ‘ভোটের গাড়ি’ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেই তারা স্বতঃস্ফূর্তভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতেই এই গণভোটের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ‘জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের অবদানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে সবাইকে “হ্যাঁ” ভোট দিতে হবে।’
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে কক্সবাজার পাবলিক লাইব্রেরির হলরুমে গণভোট কার্যক্রম নিয়ে এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা।
সভায় তিনি বলেন, ‘বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রসফায়ার দেওয়া চলবে না, আয়না ঘর বানানো চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যা হবে বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত—যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে।’
তিনি আরও বলেন, ‘জনতার কাফেলা “হ্যাঁ” ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে এবং জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে।’ এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বক্তব্য দেন।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।