চবি প্রতিনিধি
স্বৈরাচার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টায় চাকসু ভবনের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাটা পাহাড় সড়ক হয়ে জিরো পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীদের 'আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে,' লীগ ধর, জেলে ভর,' ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না,' ' সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না ' স্লোগান দিতে শোনা যায়।
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি ইব্রাহিম রনি বলেন, 'খুনী হাসিনার রায়কে কেন্দ্র করে তার অনুসারীরা অপকর্ম শুরু করেছে। আমরা দেখেছি ২০০৬ সালের ২৮ অক্টোবর হত্যাকান্ড এবং পিলখানা হত্যাকাণ্ডের মূল হোতা ছিল খুনী হাসিনা। সেই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানালেও ইন্টেরিম সরকার এখন পর্যন্ত বিচার করেনি। আমরা জুলাইয়ে বৈষম্যহীন একটা রাষ্ট্রের জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু এই সরকার জুলাই শহীদদের বিচারে সন্তোষজনক রায় প্রকাশ করতে পারেনি। আর যারা এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য ছাত্রলীগকে ইন্ধন দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা ইন্টেরিমকে বলতে চাই, খুনী হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সাথে কোনো চুক্তি, বাণিজ্যিক সম্পর্ক রাখা যাবে না। '
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, 'খুনী হাসিনার পতনের পর আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ আর প্রকাশ্যে আসতে পারবে না। কিন্তু সুশীল ইন্টেরিম সরকারের নির্লিপ্ততার কারণে তারা প্রকাশ্যে মিছিল করছে, ব্যানার টানাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই ক্যাম্পাসে যারা অস্থিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টানিয়েছে, তাদেরকে চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে।'
ফুয়াদ/এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।