দক্ষিণ পূর্ব

বন্যাদুর্গত মানুষের পাশে চউক, বন্দর–ডাবলমুরিং এলাকায় চাল বিতরণ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬
পঠিত :
বন্যাদুর্গত মানুষের পাশে চউক, বন্দর–ডাবলমুরিং এলাকায় চাল বিতরণ

ছবি

সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বুধবার চট্টগ্রাম-১১ (বন্দর–ডাবলমুরিং) সংসদীয় আসনের বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

 

ইপিজেডের নারিকেলতলা এলাকায় র‍্যাব-৭ কার্যালয় সংলগ্ন এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

 

এ সময় তিনি বলেন, সরকারের নির্দেশনা ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের মানবিক উদ্যোগের অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চউক এ কর্মসূচি গ্রহণ করেছে।

 

তিনি আরও জানান, বন্দর–ইপিজেড এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

চউক চেয়ারম্যান বলেন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাকে অগ্রাধিকার দিয়ে একাধিক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এসব প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক দিকনির্দেশনা পাওয়া গেছে।

 

এর আগে বুধবার চউকের সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরীর নেতৃত্বে বাঁশখালী উপজেলায় এবং চউকের সচিব মোহাম্মদ মাহবুবুল করিমের নেতৃত্বে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

 

চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সংস্থাটির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।