স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের দল এবং জনগণের যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে সবসময় তাদের পাশে থাকবে। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। দুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব অঞ্চল সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত জরিপ পরিচালনা করা হচ্ছে। জরিপ শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবন ও উৎপাদন কার্যক্রমে ফিরে যেতে পারেন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ নয়; ক্ষতিগ্রস্ত মানুষের টেকসই পুনর্বাসন নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার। এজন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া উপজেলার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, জরুরি মেরামতকাজ সম্পন্ন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।