নিজস্ব প্রতিবেদক
উপমহাদেশের বর্ষীয়ান আলেমে-দ্বীন,জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী (রহ.) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
শুক্রবার (২ মে) রাত পৌঁনে ১২ টায় চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, আল্লামা সুলতান যওক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়া তিনি বার্ধক্যজনিত বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত ছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর।তিনি স্ত্রী,৭ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আল্লামা মুহাম্মদ সুলতান যওক ১৯৩৯ সালে কক্সবাজার জেলার মহেশখালীতে জন্মগ্রহণ করেন। ইসলামী জ্ঞানচর্চা, সাহিত্য ও গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল।তাঁর লক্ষণীয় কাজ কওমি মাদরাসাসমূহে শিক্ষাসংস্কার ও পাঠ্যসূচির মানোন্নয়ন।তিনি জামেয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়া ছাড়াও আগ্রাবাদে কাশেমুল উলুম নামে একটি মাদ্রাসা, আরবি সাহিত্যের অধ্যয়নের জন্য নাদিয়াতুল আদাব নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন।
তাঁর প্রকাশিত বইসমূহ হচ্ছে আত্ব-তরীকু ইলাল ইনশা,আমার জীবনকথা,আল-ক্বিরাআতুল আরাবিয়্যাহ,ইশরুনা দারসান এবং তাছহিলুল ইনশা।
বর্ষীয়ান আলেম আল্লামা সুলতান যওক হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা,আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, বিশ্ব মুসলিম লীগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে বেশ তাঁর পরিচিতি রয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।