নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি সিএনজিও জব্দ করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট ও সিএন্ডবি বালুর টাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলমগীর (৪২)। তিনি পেশায় সিএনজি চালক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুয়াইশ কলেজ গেইট এলাকা থেকে একজন অস্ত্র ব্যবসায়ী সিএনজিতে করে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় অস্ত্র নিয়ে যাচ্ছে। পরে সিটি লাইটস পেট্রোল পাম্পের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজি থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে সেটি আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলমগীর তাঁর কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে সিএনজির চালকের সিটের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।