দক্ষিণ পূর্ব

বাঁশখালীতে গাছ কেটে জায়গা দখল, নেতৃত্বে ছাত্রদল নেতা

sathi
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫
পঠিত :
বাঁশখালীতে গাছ কেটে জায়গা দখল, নেতৃত্বে ছাত্রদল নেতা
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের বাঁশখালীতে তারেক উদ্দিন নামের এক ছাত্রদল নেতার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ৩০-৩৫ জন লোক গাছ কেটে ও টিনের বেড়া দিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত তারেক উদ্দিন বর্তমানে বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার কালীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলিফ মিম নার্সারিতে এ ঘটনা ঘটে। এ সময় নার্সারির শতাধিক চারা নষ্ট করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মো. সরওয়ার বাদী হয়ে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শরীফের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীপুর ৭নং ওয়ার্ডের মৃত শফিক আহমদের পুত্র মো. সরওয়ারের ভিটা, বসতঘর, বাগানবাড়ি ও নার্সারিসহ জায়গাটিতে সকাল ৮টার দিকে একই এলাকার মৃত ফরিদ আহমদের ছেলে আবদুল মালেক ও ছাত্রদল নেতা তারেক উদ্দিনের নেতৃত্বে প্রায় ৩০-৩৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে। তারা প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে এলাকায় তাণ্ডব চালায়।

ভুক্তভোগী মো. সরওয়ার বলেন, আমার ভিটা থেকে ৩০টি সুপারি গাছ, ২০টি মেহগনি গাছ ও ১০টি আকাশমণি গাছ কেটে ফেলে দেওয়া হয়। নার্সারিতে থাকা আম, সপেদা, আমড়া, জাম, কাঁঠাল, বরইসহ নানা প্রজাতির কলমকৃত গাছ লুট করে মিনি ট্রাকে তুলে নিয়ে যায়। এছাড়া দুটি বীজতলার ছাউনি ও শতাধিক চারা নষ্ট করে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। পরে তারা আমার জায়গার পূর্ব ও পশ্চিম সীমানায় এবং বসতভিটার মাঝখানে টিনের বেড়া স্থাপন করে।

অভিযোগ প্রসঙ্গে ছাত্রদল নেতা তারেক উদ্দিনের সাথে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি ও রিপ্লে দেন নি।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।