দেশজুড়ে মা, নবজাতক ও শিশুদের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ মার্কিন ডলার মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শনে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ মডেল পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন।
রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের অর্থায়নে এবং ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম এলাকাগুলোকেও এ সহায়তার আওতায় রাখা হয়েছে।
সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীরের তাপমাত্রা বজায় রাখার যন্ত্র, শ্বাস-প্রশ্বাসে সহায়তার সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় কোল্ড চেইন সরঞ্জাম।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অংশীদারত্বের অংশ হিসেবেই এ সহায়তা দেওয়া হচ্ছে। সংক্রামক রোগ প্রতিরোধ ও নির্মূলের পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্য খাতেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই উদ্যোগ আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি বাস্তবায়নেও ভূমিকা রাখবে।
এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর ও মহানন্দা নদী পরিদর্শন করেন।
পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন।
এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন ও পুলিশ সুপার আবু সাঈমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।