নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরে প্রাইভেটকারে ‘ব্রাশফায়ার’ করে দুজনকে খুনের ঘটনায় ৭ জনের নাম উল্লেখপূর্বক ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।মামলায় সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী শারমিন আক্তার তামান্নাকেও আসামী করা হয়।এজাহারে উল্লেখ করা হয়, সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেফতারে পুলিশকে সহযোগিতার অভিযোগে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্নার নির্দেশনায় এই হত্যাকাণ্ড চালানো হয়।তবে হত্যাকান্ডের ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ এপর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে নগরীর বাকলিয়া থানায় মামলাটি করেছেন।মামলায় সাজ্জাদ, তাঁর স্ত্রী শারমিন আক্তার তামান্না ছাড়াও মোহাম্মদ হাছান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান ও বোরহানকে আসামি করা হয়েছে। তা ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ছয়-সাতজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি সাজ্জাদ এবং তাঁর স্ত্রী তামান্নার পরিকল্পনা অনুযায়ী আসামিরা সারোয়ার হোসেন বাবলা ও অন্যদের হত্যা করার জন্য নতুন ব্রিজ এলাকা থেকে প্রাইভেটকারটির পিছু নেন।
এজাহারে বলা হয়,সারোয়ার হোসেন বাবলার গাড়িচালক ছিলেন গুলিতে নিহত মানিক। আর সারোয়ারের ব্যক্তিগত কাজকর্ম করতেন নিহত আবদুল্লাহ। গত ২৯ মার্চ রাতে প্রাইভেটকারে করে নতুন ব্রিজ এলাকায় আড্ডা দিচ্ছিলেন মানিক, সারোয়ার, আবদুল্লাহ, রবিন, হৃদয় ও ইমন। নতুন ব্রিজ থেকে বাড়ি ফেরার সময় রাত ২টার দিকে রাজাখালী ব্রিজে পৌঁছামাত্র ছয়-সাতটি মোটরসাইকেল থেকে প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিতে গাড়ির পেছনের গ্লাস ছিদ্র হয়ে যায়। তখন মানিক বহদ্দারহাটের দিকে না গিয়ে বাকলিয়া এক্সেস রোড দিয়ে চকবাজারের দিকে যান।
রাত সোয়া ২টার দিকে চকবাজার থানার নবাব সিরাজউদ্দৌলা সড়কে মানিক গুলিবিদ্ধ অবস্থায় গাড়ি থামানো হয়। গাড়ির পেছনে থাকা হাছান, ইমন, বোরহান, খোরশেদ, রায়হানসহ অজ্ঞাতপরিচয় ছয়-সাতজন তাঁদের হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। গুলিতে মানিক ও আবদুল্লাহ জখম হন। গাড়িতে থাকা সারোয়ার এবং ইমন কৌশলে নেমে যান। এরপর গুলি ছুড়তে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন। মানিক ও আবদুল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না বলেন, আমি একজন ২ মাসের সন্তান সম্ভবা। আমার অপরাধ একজনকে আমি ভালোবেসে বিয়ে করেছি। সবাই বলছে, আমার স্বামীকে ধরিয়ে দেওয়ায় নাকি প্রতিশোধ নিয়েছি। আমার স্বামীকেতো সরোয়ার ধরিয়ে দেয়নি। ধরিয়ে দিয়েছে সূচী নামে এক মেয়ে। বালু মহালে বড় সাজ্জাদ ও সরোয়ার ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের আধিপত্য নিয়ে এই ঝামেলার সৃষ্টি হয় বলে আমি জানতে পারি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন বলেন, প্রাইভেট কারে ব্রাশফায়ার করে দুই জনকে খুনের ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে মোট ১৪ জনের বিরুদ্ধে নিহত চালক মানিকের মা একটি মামলা করেছেন।তবে এপর্যন্ত ওই মামলার কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদেরকে চিহ্নিত করা হয়েছে কি-না জানতে চাইলে ওসি বলেন, ওইভাবে আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারিনি।তবে কয়েকটি বিষয় সামনে নিয়ে আমরা এগুচ্ছি।আশা করি,খুব শিগগিরই আমরা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করতে পারবো।
এর আগে গত রোববার ভোরে নগরীর বাকলিয়া নতুন ব্রিজ এলাকা থেকে চন্দনপুরা এলাকা পর্যন্ত একটি প্রাইভেট কারে লক্ষ্য করে গুলি করতে করতে ধাওয়া করে একদল অস্ত্রধারী সন্ত্রাসী। এতে বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নামের দুইজন গাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান।বখতিয়ার হোসেন মানিক ছিলেন ওই প্রাইভেট কারের চালক। আর মোহাম্মদ আব্দুল্লাহ ছিলেন শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার দেহরক্ষী। ঘটনার সময় সন্ত্রাসী সরোয়ার ওই গাড়িতেই ছিলেন ও গুলবিদ্ধ অবস্থায় কৌশলে বেঁচে যান।মূলত তাকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।এই ঘটনায় প্রাইভেট কারে থাকা আরও দুইজন আহত হয়েছেন।
এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রবিন নামের গুলিবিদ্ধ একজন জানিয়েছিলেন, সাজ্জাদের সঙ্গে সারোয়ারের আগে থেকে দ্বন্দ্ব ছিল। সম্প্রতি সাজ্জাদের গ্রেপ্তার এবং রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বেড়েছে। তাই সাজ্জাদের লোকজন সারোয়ারকে খুন করতে এ হামলা চালাতে পারে।
নিহত আবদুল্লাহর মা রাশেদা বেগম জানিয়েছিলেন, মাস দু-এক আগে ছোট সাজ্জাদ রাউজানে তাঁর ছেলের পায়ে গুলি করেছিল। তাই দুই মাস সে ঘর থেকে বের হতে পারেনি। ঈদের মার্কেট করার জন্য দুই মাস পর ওই দিন বের হয়েছিলেন আবদুল্লাহ।
নিহতদের সবাই নগরীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সারোয়ার বাবলার কর্মী।সন্ত্রাসী বাবলা বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী বলে পরিচিত।আসলাম চৌধুরীর বালু মহাল থেকে ফেরার পথেই তারা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন।
আর হত্যাকাণ্ডের সাথে জড়িতরা রাউজান-রাঙ্গুনিয়া কেন্দ্রিক সন্ত্রাসী খোরশেদ , হাসান ও রায়হানের নেতৃত্বাধীন গ্রুপের কর্মী।
এদিকে আরেকটা সূত্র জানিয়েছেন, হত্যাকাণ্ডের সাথে শীর্ষ সন্ত্রাসী 'বড়' সাজ্জাদও জড়িত।সম্প্রতি বড় সাজ্জাদের অনুসারী ছোট সাজ্জাদকে পুলিশ গ্রেফতার করেছে।ওই গ্রেফতারে সরোয়ার বাবলা পুলিশকে সহযোগিতা করেছেন বলে কথিত আছে।সেই ঘটনার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড চালানো হয়।এছাড়া নতুন ব্রিজ এলাকায় একটি বিরোধপূর্ণ জায়গার দখল নিয়ে নগর বিএনপির সাবেক এক শীর্ষ নেতার অনুসারী বলে পরিচয় দেয়া ছাত্রদলের এক সহ সম্পাদক এই হত্যাকান্ডে সরাসরি অংশ নিয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।