দক্ষিণ পূর্ব

বাড়ির পথে আর ফেরা হলো না, লোহাগাড়ায় প্রাণ গেল দুই যুবকের

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : ১ দিন আগে
পঠিত : ৪৭
বাড়ির পথে আর ফেরা হলো না, লোহাগাড়ায় প্রাণ গেল দুই যুবকের

ছবি সংগৃহীত

কক্সবাজার ভ্রমণ শেষে বাড়ির পথে ফিরছিলেন দুই বন্ধু। সঙ্গে ছিল একটি মোটরসাইকেল। কিন্তু চাঁদপুরে পৌঁছানোর আগেই চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় মিনিট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।

স্থানীয়রা জানান, দুই বন্ধু মোটরসাইকেলে করে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। ভ্রমণ শেষে ভোরে চাঁদপুরের উদ্দেশে রওনা হন তারা। ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক তৌহিদ।

অন্যদিকে গুরুতর আহত মাহি উদ্দিনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানার হেফাজতে নেয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়ার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পায়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে তারও মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।