বান্দরবান পৌর এলাকার উজানী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও একটি রেস্তোরাঁ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল ৬টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে একটি রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত খবর দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই কাঁচা নির্মাণের কয়েকটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতায় পাশের ভবনগুলোও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে বহু পরিবারের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, খবর পাওয়ার পর চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ছয়টি বসতঘর ও একটি রেস্তোরাঁ সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ফায়ার ফাইটার মো. শরীফুল ইসলাম জানান, ভোরে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।