দক্ষিণ পূর্ব

বান্দরবানে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৮ শ্রমিক

sathi
প্রকাশ : ৯ এপ্রিল ২০২৫
পঠিত :
বান্দরবানে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৮ শ্রমিক
জেলা সংবাদদাতা 
 বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা লেমুপালং থেকে অপহৃত ৮ জন তামাক শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরই ইউনিয়নের দুর্গম লুলাইং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন মো. আমিন, মো. ভুট্টো,নবী হোসেন, জমির, শহিদুল, ইমাম হোসেন, মো. ইসমাইল, মো. রশিদ।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন শ্রমিকদের মুক্তির সত্যতা নিশ্চিত করেন। 
তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত ১ টার দিকে লামার গজালিয়া ইউনিয়নের লেমুপালং এলাকার তামাকচাষি আল আমিন, ভুট্টোসহ ৮ শ্রমিককে অস্ত্রের মুখে খামারের ঘর থেকে তুলে নিয়ে যায় সশস্ত্র একটি দল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অপহৃতদের উদ্ধারে ওই এলাকায় অভিযানে নামে। টানা অভিযানের ফলে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। উদ্ধার চাষি ও শ্রমিকেরা সুস্থ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীদের চাওয়া ১০ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করে শ্রমিকদের মুক্ত করা হয়েছে। আতঙ্কে অপহৃতদের স্বজনরা এ বিষয়ে মুখ খুলতে রাজি নন।

এর আগে গত ১ ও ১৪ জানুয়ারি একই এলাকা থেকে দুই দফায় ১৪ তামাকশ্রমিককে অপহরণ করা হয়। ১৬ ফেব্রুয়ারি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে রাবারবাগানের ২৬ শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়। একের পর এক অপহরণের কারনে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারীদের মধ্যে অপহরণ আতংক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।