ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা সফর করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি।
শনিবার দুপুর ১২টার দিকে মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা ছিল তাঁর। জ্ঞানী ও ইলমি ব্যক্তিদের কাছে গিয়ে দোয়া নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘জ্ঞানী ও ইলমি ব্যক্তিদের কাছে গিয়ে দোয়া নিতে হয়।’ হেফাজতের সমালোচনাকে তাঁরা পরামর্শ হিসেবে দেখেন উল্লেখ করে তিনি বলেন, ওই পরামর্শকে গুরুত্ব দিয়ে তাঁরা সামনে এগিয়ে যেতে চান।
এ অঞ্চলের মুসলমানদের বড় একটি অংশ হানাফি মাজহাবের অনুসারী উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শ নেওয়া হবে।
তবে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে হানাফি মাজহাবের পাশাপাশি আর কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে গত ৯ আগস্ট একই মাদরাসায় হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা হয়। সভায় হেফাজতের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছিল।
এদিকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে নিয়োগ দেওয়ার পর গত ২৪ ও ২৫ আগস্ট বাবুনগর মাদরাসায় হেফাজতের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকের খবর প্রকাশিত হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ওই বৈঠকে নতুন প্রতিমন্ত্রীর নিয়োগ নিয়ে হেফাজতের নেতাদের মধ্যে আপত্তি ও উদ্বেগের বিষয়টি আলোচনায় আসে।
এর কয়েক দিনের মধ্যেই ধর্ম প্রতিমন্ত্রীর বাবুনগর মাদরাসা সফর ও হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।