ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ নেই; তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে এসে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর এনেক্স ভবনে আইনজীবীদের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "শেখ হাসিনা দেশে আসবেন বলে বারবার ঘোষণা দিয়েছেন। এর আগেও একাধিকবার এমন ঘোষণা দিলেও তিনি দেশে আসেননি। এখন তার স্বেচ্ছায় দেশে ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে। একমাত্র আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তিনি দেশে প্রবেশ করতে পারবেন। জুলাই গণহত্যার ঘটনায় তাকে বিচারের মুখোমুখি করা হবে।"
তিনি আরও বলেন, "ভারতে অবস্থান করে শেখ হাসিনা অবৈধভাবে ভার্চুয়াল কনফারেন্স করেছেন। এ ঘটনায় বাংলাদেশ সরকার কড়া ভাষায় ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছে। স্বাধীনতার পর এত কঠোর ভাষায় কোনো সরকার প্রতিবাদ জানায়নি। জুলাই গণ-অভ্যুত্থানের পর এটাই নতুন বাংলাদেশের অবস্থান।"
সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে। তবে জামায়াতে ইসলামীসহ বিরোধী জোটের উদ্দেশে তিনি বলেন, "সংবিধান সংস্কারের কথা বললেও তারা এখনো কমিটিতে নিজেদের প্রতিনিধি বা নাম জমা দেয়নি। মুখে সংস্কারের কথা বললেও কাজে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।" আলোচনা সভায় আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।