চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বাসের ধাক্কায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বায়েজিদ থানার বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে অরুণ দাশ (৫৯) ও আজিজুল হক জিপসি (২২)। অরুণ ভিজুয়াল গার্মেন্টসে এবং আজিজুল ওই প্রতিষ্ঠানের গাড়ির শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হেঁটে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন অরুণ ও আজিজুল। এ সময় হাটহাজারীমুখী ৩ নম্বর রুটের একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক অরুণ দাশকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আজিজুলকে চমেক থেকে নগরের রয়েল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা বাস ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।