দক্ষিণ পূর্ব

বিএনপির আমলে শুরু হওয়া বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য আরও এগিয়ে নিচ্ছে সরকার: মীর হেলাল

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬
পঠিত :
বিএনপির আমলে শুরু হওয়া বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য আরও এগিয়ে নিচ্ছে সরকার: মীর হেলাল

ছবি সংগৃহীত

বাংলাদেশ-চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে দুই দেশের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার যে ভিত্তি গড়ে উঠেছিল, বর্তমান সরকার সেই সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে।

 

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ব্যারিস্টার মীর হেলাল বলেন, আনোয়ারায় এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রা পেল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

 

সিইআইজেড প্রকল্পের অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে প্রকল্পটির কাজ শুরু করা সম্ভব হয়নি। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সক্ষম হয়েছে। এটি সরকারের কাজের প্রতি অঙ্গীকার ও বাস্তবায়ন সক্ষমতার প্রতিফলন।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফাঁকা প্রতিশ্রুতিতে নয়, বাস্তব কাজে বিশ্বাস করেন। তাঁর নেতৃত্বেই দেশের বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

 

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও প্রকল্পটির দ্রুত অগ্রগতির বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, প্রায় দুই বছর ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা চললেও নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন সম্ভব হয়েছে। এর ফলে দুই দেশের শিল্প ও বিনিয়োগ সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মীর হেলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বাংলাদেশ-চীন সম্পর্কের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারেও সেই সম্পর্ক আরও গভীর হয়। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হচ্ছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সরওয়ার জামাল নিজাম ও হুমাম কাদের চৌধুরী। ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক, চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এবং এম এম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানিসহ অনেকে।

 

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।