নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের মোট ২৩ আসনের মধ্যে ১৬ টিতে এমপি প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি আসনগুলোতেও প্রার্থী চূড়ান্ত করা হলেও বিশেষ জটিলতার কারণে তাদের নাম ঘোষণা করা হয়নি। এরমধ্যে একটি কর্নেল অলি আহমেদের এলডিপিকে ছেড়ে দেয়া হচ্ছে। ঘোষিত আসনগুলোর মধ্যে প্রভাবশালী নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়াকেই বড় চমক বলে ধরে নেওয়া হচ্ছে। এছাড়া সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নুরুল আমিন চেয়ারম্যানকে মিরসরাই থেকে মনোনয়ন দেওয়াকেও চমক হিসেবে ধরা হচ্ছে।একইসাথে চট্টগ্রাম ৯ আসনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবু সুফিয়ানের নাম ঘোষণা করলেও প্রেস রিলিজে তার নাম না থাকায় তৈরি হয়েছে কৌতুহল।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলন অনুযায়ী, চট্টগ্রাম জেলার আওতাভুক্ত মিরসরাইয়ে (চট্টগ্রাম-১) মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন চেয়ারম্যান, ফটিকছড়িতে (চট্টগ্রাম-২) সরোয়ার আলমগীর,সীতাকুণ্ডে ( চট্টগ্রাম ৪) কাজী সালাহউদ্দিন, হাটহাজারীতে (চট্টগ্রাম-৫) ব্যারিস্টার মীর হেলাল,রাঙ্গুনিয়ায় (চট্টগ্রাম-৭) হুম্মাম কাদের চৌধুরী, বোয়ালখালী- চান্দগাঁও আসনে (চট্টগ্রাম-৮) এরশাদ উল্লাহ, হালিশহর-ডবলমুড়িংয়ে (চট্টগ্রাম-১০) আমীর খসরু মাহমুদ চৌধুরী। পটিয়া (চট্টগ্রাম-১২) আসনে মনোনয়ন পেয়েছেন এনামুল হক এনাম, আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম-১৩) আসনে সরোয়ার জামাল নিজাম ও বাঁশখালী (চট্টগ্রাম-১৬) আসনে মিশকাতুল ইসলাম পাপ্পা।
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে মনোনয়ন পেয়েছেন ওয়াদুদ ভুঁইয়া,রাঙামাটি আসনে দিপেন দেওয়ান, বান্দরবানে সাচিং প্রু জেরি। কক্সবাজার জেলার মধ্যে চকরিয়ায় চূড়ান্ত হয়েছেন সালাহউদ্দিন আহমেদ,সদর আসনে লুৎফুর রহমান কাজল ও উখিয়া টেকনাফে শাহজাহান চৌধুরী।
জানা যায়, এই মনোনয়নে সবচেয়ে অঘটন ধরা হচ্ছে দীর্ঘদিন কারাগারে থাকা সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়া। সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর নাম প্রাথমিকভাবে চূড়ান্ত হলেও ভাইবাতে অংশগ্রহণ না করায় তাকে নিয়ে তৈরি হয়েছিলো ধূম্রজাল। শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে কাজী সালাহউদ্দিনকে প্রার্থী করা হয়েছে।সালাহউদ্দিনও বিএনপির সাবেক এই যুগ্ম মহাসচিবের অনুসারী বলে পরিচিত। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নরুল আমিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরের সপ্তাহেই এমপি মনোনয়ন পাওয়াকে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। মিরসরাই উপজেলাত সাবেক চেয়ারম্যান নুরুল উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে ছিলেন।
এদিকে বিশেষ সূত্রে জানিয়েছে, চট্টগ্রাম অঞ্চলের বাকি ৭ টি আসনেও প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিশেষ হিসেব নিকেশে তাদের নাম আপাতত ঘোষণা করা হয়নি।এদের মধ্যে রয়েছেন সন্দ্বীপ (চট্টগ্রাম-৩) আসনে মোস্তফা কামাল পাশা, রাউজানে (চট্টগ্রাম-৬) গিয়াস কাদের চৌধুরী, বাকলিয়া-কোতোয়ালিতে (চট্টগ্রাম-৯) আবু সুফিয়ান, বন্দর-পতেঙ্গা (চট্টগ্রাম-১১) আসনে ইসরাফিল খসরু, সাতকানিয়া-লোহাগাড়ায় (চট্টগ্রাম-১৫) নাজমুল মোস্তফা ও কতুবদিয়া মহেশখালী (কক্সবাজার-২) আসনে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। এরমধ্যে কতুবদিয়া মহেশখালী আসনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও মনোনয়ন চাচ্ছেন। চকরিয়া থেকে মনোনয়ন পাওয়া সালাহউদ্দিন তার স্ত্রী হাসিনা চকরিয়া আহমেদকে কুতুবদিয়া মহেশখালী থেকে মনোনয়ন নিয়ে দিতে চাচ্ছেন।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।