দক্ষিণ পূর্ব

বিএনপির নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি: তারেক রহমান

RAFIQ HYDER
প্রকাশ : ১৭ জানুয়ারী ২০২৬
পঠিত :
বিএনপির নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি: তারেক রহমান
দক্ষিণপূর্ব ডেস্ক 

কৌশলের নামে বিএনপির কোনো নেতাকর্মী গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বছরের পর বছর গুম, খুন ও মিথ্যা মামলার হয়রানির শিকার হয়েও বিএনপির একজন নেতাকর্মী রাজপথ ছাড়েনি।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি বলেন, “একই পরিবারের একজন গুম হয়েছেন, আরেকজন তার জায়গায় দাঁড়িয়ে আন্দোলনকে আরও তীব্র করার শপথ নিয়েছেন। কৌশলের নামে বিএনপির কর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত অবস্থানে যায়নি।”

এক দুঃসহ সময় অতিক্রম করার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আন্দোলনের তীব্রতা কখনো কমেছে, কখনো বেড়েছে; কিন্তু দীর্ঘদিনের নির্যাতন, গুম-খুন ও মামলার পরও বিএনপির নেতাকর্মীরা রাজপথে অবিচল থেকেছে।

তারেক রহমান বলেন, “বিভীষিকাময় দিন ও রাতের অবসান হয়েছে। বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে।” স্বজনহারা পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, তাদের কষ্টের জন্য সান্ত্বনা দেওয়ার মতো ভাষা বিএনপির কাছে নেই। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই আত্মত্যাগ বৃথা যাবে না।

তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নেওয়া কোনো দলকে অপপ্রচার দিয়ে দমন করা যায় না। ফ্যাসিবাদী আমলে নির্যাতনের শিকার মানুষের কষ্ট যেন বৃথা না যায়, সে জন্য বিএনপি সর্বশক্তি দিয়ে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।

গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুম ও শহীদ হয়েছেন, ভবিষ্যতের রাষ্ট্র ও সরকারের তাদের প্রতি অনেক দায় ও দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই তাদের ভুলে যেতে পারে না।
সকল শহীদের আত্মত্যাগ জনমনে স্মরণীয় করে রাখতে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এ মুহূর্তে বিস্তারিত তুলে ধরা সম্ভব নয়। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত ভূমিকা বিএনপি লক্ষ্য করছে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর জন্য রাষ্ট্রীয় সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় মানুষের সামনে একটি মানবিক ও দায়বদ্ধ রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। গণতন্ত্রের পথ নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য জাহিদুল ইসলাম রনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বজনহারা পরিবারের সদস্যরা।

রহা 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।