দক্ষিণ পূর্ব

বিএনপি কোনও বট বাহিনী চালায় না: তথ্য প্রতিমন্ত্রী

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬
পঠিত : ২৮
বিএনপি কোনও বট বাহিনী চালায় না: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো ‘বট-বাহিনী’ পরিচালনা করে না বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ কারণে বিএনপির বিরুদ্ধে বট ব্যবহারের তথ্য তুলনামূলকভাবে কম পাওয়া যায় বলেও জানিয়েছেন তিনি।

একই সঙ্গে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে ম্যানুয়াল ফ্যাক্ট চেকিংয়ের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাইয়ের জন্য সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুলের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি কোনো বট-বাহিনী পরিচালনা করে না। ফলে গত ছয় মাসে দলটির বিরুদ্ধে বট ব্যবহারের যে তথ্য পাওয়া গেছে, তা অন্যান্য দলের তুলনায় কম।

তিনি বলেন, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তে সরকার নিরপেক্ষভাবে কাজ করছে। শুধু ম্যানুয়াল পদ্ধতিতে নয়, স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্ট চেকিংয়ের জন্যও একটি প্রকল্প নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে সংসদকে অবহিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে বিদ্যমান প্রেস কাউন্সিলের কার্যক্রম ও অনলাইন সংবাদমাধ্যমের ক্ষেত্রে এর এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, বর্তমান নিয়ম অনুযায়ী প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে অভিযোগ করা যায়। কিন্তু অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত একই ধরনের তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, সংসদে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্যমূলক বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। এসব সংবাদ অনলাইন মাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রেস কাউন্সিলে অভিযোগ করার সুযোগ হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু বিরোধী দলের সদস্যরাই নয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি দলের সদস্য, এমনকি প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়েও অপতথ্য ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে বিদ্যমান প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রেস কাউন্সিলকে নতুনভাবে গঠন ও কার্যকর করার কাজ চলছে। অনলাইন সংবাদমাধ্যমের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে এবং এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।

অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে আন্তর্জাতিক অভিজ্ঞতাও পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের তথ্য মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে সরকার পরামর্শ ও আলোচনা করছে। এ বিষয়ে একটি কার্যকর কাঠামো তৈরি করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।