কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অভিনেত্রী পরীমনির একটি বিকৃত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল দুঃখ প্রকাশ করলেও শুধু ক্ষমা চাইলেই দায়মুক্তি পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে পরীমনিসহ দুই তারকা অভিনেত্রীর বিকৃত ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে ধারণা করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে হ্যাকাররা এসব ভিডিও প্রকাশ করেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে চ্যানেলটি।
গতকাল রাতে ফেসবুক লাইভে এসে এ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। তিনি বলেন, ভিডিওটি অনেক আগের হলেও এবার টেলিভিশন চ্যানেলটির পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। তাই শুধু দুঃখ প্রকাশ করাই যথেষ্ট নয়।
চ্যানেলটির বক্তব্যের সমালোচনা করে পরীমনি বলেন, ‘ওরা এত বড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনা করা ব্যক্তিদেরও সমালোচনা করেন তিনি। পরীমনি বলেন, ভিডিওটি নিয়ে অনেকে যেভাবে মাতামাতি করেছেন, তা দেখে তাঁর খোলামেলা ফটোশুট করার ইচ্ছা হয়েছিল।
অভিনেত্রীর ভাষ্য, যাঁদের বোধবুদ্ধি রয়েছে, তাঁরা ভিডিওটি দেখে এড়িয়ে গেছেন। কিন্তু একশ্রেণির মানুষ বিষয়টি নিয়ে নেতিবাচক চর্চায় মেতেছেন। এমনকি অন্যের পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির লিংক থাকার দাবি করে মন্তব্য করেছেন কেউ কেউ।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে।’
ফেসবুক লাইভে পরীমনি আরও বিভিন্ন বিষয়ে কথা বলেন। তবে পরে নিজের পেজ থেকে লাইভটি মুছে দেন তিনি। আজ সকালে একটি স্ট্যাটাসে বিষয়টি জানিয়ে লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’
উল্লেখ্য, সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’ নামের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।