মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইশরাক হোসেন। তবে তাঁর দাবি, দল থেকে তাঁকে পদত্যাগ করতে বলা হয়নি; বিশেষ কারণে তিনি নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন। পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’
এর আগে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইশরাক বলেন, তাঁর পদত্যাগের খবরে কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁদেরও দেশে ফিরে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
ইশরাক আরও বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে দেশের বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান।
গত শনিবার আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। এরপর রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
তবে ওই সময় গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় খবরটিকে ‘গুজব ও ভিত্তিহীন’ বলে দাবি করেছিলেন ইশরাক। পরে রাত ১২টা ৩৫ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো নির্দেশ এলে তা কার্যকর হওয়ার পর দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে।
সোমবার তাঁর পদত্যাগের চূড়ান্ত ঘোষণার মধ্য দিয়ে বিষয়টি নতুন মোড় নেয়। তবে পদত্যাগের পেছনে ‘বিশেষ কারণ’ কী, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।