আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা, কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি অব্যাহত থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) এশিয়ার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল প্রায় ৮৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮২ ডলার প্রতি ব্যারেলে লেনদেন হয়েছে। আগের দিন বড় ধরনের দরপতনের পর বাজারে এ ঊর্ধ্বগতি দেখা যায়।
বিশ্লেষকদের মতে, তেলের বাজারে সবচেয়ে বড় প্রভাব ফেলছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় অংশ এই সমুদ্রপথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এ অঞ্চলে উত্তেজনা বাড়লে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও বাড়ে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে নতুন হামলা থেকে আপাতত বিরত থাকার কথা বললেও তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে নতুন কোনো আলোচনা চলছে না। দুই পক্ষের এমন পরস্পরবিরোধী অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
এদিকে মঙ্গলবার ওমান উপকূলসংলগ্ন হরমুজ প্রণালির কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত লাগার খবরও বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো বলছে, ওই অঞ্চলে জাহাজ চলাচল এখনো ঝুঁকিমুক্ত হয়নি।
সূত্র: রয়টার্স, শাফাক নিউজ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।