দক্ষিণ পূর্ব

বিশ্ব মশা দিবসে চট্টগ্রামে ডেঙ্গু সচেতনতায় এমএসএফের র‍্যালি

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬
পঠিত :
বিশ্ব মশা দিবসে চট্টগ্রামে ডেঙ্গু সচেতনতায় এমএসএফের র‍্যালি

ছবি সংগৃহীত

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব মশা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীতে র‍্যালি করেছে মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) বা সীমান্তবিহীন চিকিৎসক দল।

 

বৃহস্পতিবার এমএসএফের কর্মীদের অংশগ্রহণে আয়োজিত র‍্যালিটি নগরীর জিইসি মোড়, নিউ মার্কেটসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় “মশার প্রজনন চক্র ভেঙে দিন, প্রতিটি জীবন সুরক্ষিত রাখুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

 

র‍্যালিতে মশার প্রজননস্থল তৈরির আগেই জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে সাধারণ মানুষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

 

প্রতি বছর ২০ আগস্ট বিশ্ব মশা দিবস পালন করা হয়। মশাবাহিত রোগের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করাই দিবসটির অন্যতম প্রধান উদ্দেশ্য। ডেঙ্গু ছাড়াও ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস, জাপানিজ এনসেফালাইটিস, ইয়েলো ফিভার ও ওয়েস্ট নাইল ভাইরাসসহ বিভিন্ন রোগ মশার মাধ্যমে ছড়ায়।

 

চট্টগ্রামে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রম জোরদারে স্থানীয় সরকার ও স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে এমএসএফ। সংস্থাটি ডেঙ্গু প্রতিরোধ, ক্লিনিক্যাল ব্যবস্থাপনা এবং কমিউনিটি স্বাস্থ্য কার্যক্রম জোরদারে সহায়তা করছে।

 

এমএসএফ জানিয়েছে, সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে চিকিৎসাসামগ্রী এবং চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়কে ভেক্টর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জাম ও সামগ্রী দেওয়া হয়েছে। ডেঙ্গুর প্রভাব কমানো এবং সম্মুখসারির স্বাস্থ্যকর্মী ও জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

 

মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ), ইংরেজিতে ডক্টরস উইদাউট বর্ডারস, একটি আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা। ১৯৭১ সালের ডিসেম্বরে চিকিৎসক ও সাংবাদিকদের একটি দল সংস্থাটি প্রতিষ্ঠা করে। সংঘাত, মহামারি, দুর্যোগ কিংবা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সহায়তা দিয়ে থাকে সংস্থাটি। চিকিৎসা নৈতিকতা, নিরপেক্ষতা, স্বাধীনতা ও পক্ষপাতহীনতার নীতির ভিত্তিতে এমএসএফের কার্যক্রম পরিচালিত হয়।

 

আরএইচ/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।