দক্ষিণ পূর্ব

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সাবেক ছাত্রদল নেতা সাইফুলের উদ্যোগে দোয়া মাহফিল

দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬
পঠিত :
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সাবেক ছাত্রদল নেতা সাইফুলের উদ্যোগে দোয়া মাহফিল

ছবি- দক্ষিনপূর্ব

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) নগরের ষোলশহরস্থ রুবি গেইট এলাকায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

পাঁচলাইশ থানা যুবদলের সদস্য জুনায়েদ হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ শাহিন।

 

বক্তব্যে সাইফুল ইসলাম সাইফ বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও প্রতিকূলতা মোকাবিলার এক দীর্ঘ অধ্যায়। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় বেগম খালেদা জিয়ার ভূমিকা জাতীয় রাজনীতিতে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে।

 

তিনি বলেন, ‘আমাদের মরহুমা নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। আজ তিনি আমাদের মাঝে শারীরিকভাবে নেই। কিন্তু তাঁর রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, তাঁর রেখে যাওয়া রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ আগামী দিনের পথচলায় আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

 

স্থানীয় নেতা শাহিন বলেন, ’বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে দীর্ঘদিন রাজনীতি করেছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অসমাপ্ত স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।’

 

তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

 

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোশাররফ মান্না, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব শহীদুল ইসলাম শহীদ, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মো. মাসুদ, মাহিদুল ইসলাম মাহিদ, ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. শামীম, বেলাল হামজা, মোর্শেদ, খোকন প্রমুখ।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।