দক্ষিণ পূর্ব

বেগম জিয়া মৃত্যুর আগ পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন: আমীর খসরু

RAFIQ HYDER
প্রকাশ : ১০ জানুয়ারী ২০২৬
পঠিত :
বেগম জিয়া মৃত্যুর আগ পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিলে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো জাতি গভীরভাবে শোকাহত। তিনি বলেন, বেগম জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো আপস না করে লড়াই করে গেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নগরের হালিশহর কলসি দিঘীরপাড় এলাকার জাফর আলী মালুম মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে। তিনি নেতা-কর্মীদের সাহস জুগিয়েছেন, আপসহীন রাজনীতির শিক্ষা দিয়েছেন। চাইলে তিনি সরকারের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা কিংবা চিকিৎসা নিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। আপসহীন অবস্থান থেকেই তিনি শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন।

আমীর খসরু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের যে মশাল বেগম খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছিলেন, তিনি তা তারেক রহমানের হাতে অর্পণ করে গেছেন। সেই মশাল নিয়েই তারেক রহমান সামনে এগিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে দেশ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আলোচনায় তিনি আরও বলেন, আগামী দিনে রাষ্ট্রক্ষমতার সুফল কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ক্ষমতার প্রকৃত মালিক হবে জনগণ। রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, হাজী সালাউদ্দিন, হাজী জমির উদ্দিন, মাহবুব আলম বাচ্চু, হাজী হোসেন, আজম উদ্দিন, হাজী মোহাম্মদ জাহেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

রহা 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।