ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, যেখানে সকল নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবেন। জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক—এই বিশ্বাস থেকেই সরকার তাদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
শনিবার (১৮ জুলাই) হাটহাজারী উপজেলার মধ্য মাদার্শা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের পানিবন্দী মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল হতে হবে। জনগণের সেবক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা।
তিনি বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। একই সঙ্গে চট্টগ্রামের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদী, খাল-বিল ও জলাধারের স্বাভাবিক পানি প্রবাহ সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
সেখানে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দেশের দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
এ সময় তিনি পূর্ববর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে প্রশাসন ও বিচারব্যবস্থাকে দুর্বল করা হয়েছিল। বর্তমান সরকার সুশাসন, জবাবদিহি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী নিজ হাতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
আরএইচ/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।