নিজস্ব প্রতিবেদক
বোয়ালখালীতে অস্ত্র ও ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ইসলামী ফ্রন্টের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কধুরখীল ইউনিয়নের জামতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহাদাত হসেন (৪২), যুবলীগ নেতা নুরুল আমিন (৪৬) ও বোয়ালখালী ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২)। এসময় তাদের কাছ থেকে ১টি শটগান, ৪টি ককটেল, ১টি শটগানের গুলি এবং নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ তাদের বোয়ালখালী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে সিকদারিয়া স্কুলে বিগত সময়ের সকল জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত সৌখিন সিটি মার্কেটে সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের মত অভিযোগ রয়েছে। আর আবু নাসের জিলানীর বাসায় ছিল আওয়ামীলীগের নেতাকর্মীদের নিরাপদ থাকার আশ্রয়স্থল। এছাড়া আওয়ামী লীগের সমস্ত গোপন বৈঠক করা হয় জিলানীর বাসায়।
এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বলেন, বিগত কয়েক দিন ধরে গ্রেপ্তারকৃত সকলেই একটি খামারে আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন। জব্দকৃত মালামালসহ তাদের সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
তিনি বলেন, সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সব ধরনের সামাজিক অনাচার ও অপরাধমূলক কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।