চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় নিহতের মা ও ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি এখনও পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে নিহতের স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের ছোট ভাই মো. জামাল উদ্দিন সুমনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া শাশুড়ি হালিমা বেগম (৭০) এবং জামালের স্ত্রী সানজিদা আক্তার পপি (২৬)-কেও আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা ঘোষখীল গ্রামের আছাদ তালুকদার বাড়িতে পারিবারিক কলহের একপর্যায়ে কোদালের আঘাতে নিহত হন মুদি ব্যবসায়ী মো. নেজাম উদ্দিন (৩৮)। তিনি ওই এলাকার মৃত আবদুল হালিমের জ্যেষ্ঠ ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পারিবারিক বিরোধের ঘটনায় নিহতের স্ত্রী মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রধান আসামি মো. জামাল উদ্দিন সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।