দক্ষিণপূর্ব ডেস্ক
এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জনের পর বাংলাদেশের নারী ফুটবলারদের সামনে এখন একের পর এক চ্যালেঞ্জ। জাতীয় দল থেকে শুরু করে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দল—সব জায়গাতেই ব্যস্ততা তুঙ্গে। আর এই তিন দল সামলাতে হিমশিম খাচ্ছেন ইংলিশ কোচ পিটার বাটলার।
আগামী ৬-১০ আগস্ট লাওসে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব। আফঈদাদের নেতৃত্বাধীন দলটি দেশ ছাড়বে ২ আগস্ট। এই প্রতিযোগিতায় ৬, ৮ ও ১০ তারিখে টানা তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ প্রসঙ্গে কোচ বাটলার বলেন, মেয়েদের জন্য এটা আরেকটি বড় পরীক্ষা। আমি আশাবাদী, তারা পরিশ্রম করে ভালো কিছু করবে।
লাওস থেকে ফিরে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই অনূর্ধ্ব-২০ দলের কয়েকজন খেলোয়াড়ের। কারণ, তাদের অংশ নিতে হবে ২০-৩১ আগস্ট ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে।
এদিকে জাতীয় নারী দল এরইমধ্যে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচ, জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট ও মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে। ২৯ জুন থেকে ৫ জুলাইয়ের এই বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলটি গড়েছে ইতিহাস।
সামনে রয়েছে ২০২৬ অস্ট্রেলিয়া এশিয়ান কাপের প্রস্তুতি, ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ ও ছয় দল নিয়ে ঘরোয়া লিগ। এরইমধ্যে ভুটানে চলছে ক্লাব ফুটবল, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ দলের একাধিক খেলোয়াড়, অধিনায়ক ঋতুপর্ণা ও মিডফিল্ডার আফঈদা।
সব মিলিয়ে মেয়েদের ব্যস্ততা এখন তুঙ্গে। আর কোচ বাটলারকে তাই অন্তত আগামী বছরের মার্চ পর্যন্ত দম না ফেলে থাকতে হচ্ছে মাঠে-মাঠে।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।