চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বড় সাজ্জাদের ভাই ওসমান আলী সেগুনকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরের খুলশী থানার ইমপেরিয়াল হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি শুনেছি এবং বিস্তারিত খোঁজ নিচ্ছি।”
পুলিশ সূত্র জানায়, গত ৫ নভেম্বর নগরের চালিতাতলী হাজির পোল এলাকায় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর গণসংযোগের সময় গুলিতে নিহত হন চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা। এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ওসমান আলীকে আটক করা হয়েছে।
সূত্রের আরও তথ্য অনুযায়ী, বাবলা একসময় বড় সাজ্জাদ হোসেন খানের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। পরে গুরু সাজ্জাদের সঙ্গে বিরোধ দেখা দিলে আলাদা দল গঠন করেন। এ সময় ছোট সাজ্জাদ হুমকি দেন এবং বড় সাজ্জাদের নির্দেশে সরোয়ারকে টার্গেট করে একাধিকবার হামলা চালানো হয়। শেষ পর্যন্ত ৫ নভেম্বরের ঘটনায় বাবলা প্রাণে বেঁচে থাকেননি; পিঠে পিস্তল ঠেকিয়ে একাধিক রাউন্ড গুলি চালানো হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।