দক্ষিণ পূর্ব

ভারতের আধার কার্ডে ডেভিট ইমনের নাম ‘আজহার খান’

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬
পঠিত :
ভারতের আধার কার্ডে ডেভিট ইমনের নাম ‘আজহার খান’

সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করার দাবি করেছে পুলিশ। কার্ডটিতে ‘আজহার খান’ নামে পরিচয় ব্যবহার করা হয়েছে। পুলিশের ধারণা, ভারতে পালিয়ে গিয়ে আত্মগোপনের পরিকল্পনার অংশ হিসেবে ওই পরিচয়পত্র সংগ্রহ করা হয়েছিল। তবে কার্ডটি আসল, নকল নাকি জালিয়াতির মাধ্যমে তৈরি—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ডেভিড ইমন ও তাঁর সহযোগীরা চট্টগ্রাম থেকে প্রথমে ঢাকায় যান। সেখানে পোশাক, ব্যবহৃত গাড়ি এবং চালক পরিবর্তন করে খুলনা হয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। তবে সম্ভাব্য রুটে আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও চেকপোস্ট থাকায় যশোরের ঝুমঝুমপুর এলাকায় তাঁদের আটক করা হয়।

 

পুলিশ সুপার বলেন, ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভারতে পৌঁছে নিরাপদে অবস্থানের প্রস্তুতির অংশ হিসেবে এই কার্ডটি তাঁকে দেওয়া হয়েছিল। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া আধার কার্ডে ‘আজহার খান’ নামে একটি পরিচয় ব্যবহার করা হয়েছে। এতে একটি ছবি, জন্মতারিখ এবং ভারতের নাগরিক পরিচয়পত্রের আদলে একটি পরিচয় নম্বর রয়েছে।

 

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কার্ডটি আসল, নকল নাকি জাল—তা যাচাই করা হচ্ছে। প্রয়োজনে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে তথ্য বিনিময় করা হতে পারে। একই সঙ্গে কার্ডটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এর সঙ্গে আর কারা জড়িত এবং সীমান্ত পাড়ি দেওয়ার সম্ভাব্য নেটওয়ার্ক ছিল কি না, সেটিও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

 

তবে উদ্ধার হওয়া আধার কার্ডটি বৈধ কি না কিংবা ডেভিড ইমন এটি ব্যবহার করেছেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো মন্তব্য করেনি পুলিশ। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।