দক্ষিণ পূর্ব

ভারতের বাঁধায় বুড়িমারীতে আটকা ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য

মনির ফয়সাল
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫
পঠিত :
ভারতের বাঁধায় বুড়িমারীতে আটকা ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য

দক্ষিণপূর্ব ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভুটানের ট্রানজিট পণ্যের চালান আটকে রয়েছে। সড়কপথ ব্যবহার করে ভুটানে ট্রানশিপমেন্ট পণ্য পরিবহনের অনুমতি না দেওয়ায় ভারতীয় কর্তৃপক্ষ পণ্য প্রবেশে সম্মতি দেয়নি। ফলে থাইল্যান্ড থেকে সমুদ্রপথে পৌঁছানো ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট চালানটি বর্তমানে বন্দরেই অপেক্ষমাণ অবস্থায় আছে।

সূত্র জানায়, থাইল্যান্ডের ব্যাংককের ‘আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেড’ ৮ সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিত ট্রেডিংয়ের মাধ্যমে ৬ ধরনের পণ্য (ফল, জুস, জেলি, শুকনো ফল, লিচু-স্বাদের ক্যান্ডি ও শ্যাম্পু) কন্টেইনারে পাঠায়। ল্যাম চ্যাবাং বন্দর থেকে ছাড়ানো এসব পণ্য ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসে পৌঁছায়।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২০২৩ সালের ২২ মার্চ একটি প্রটোকল চুক্তি সই হয়। পরে গত বছরের এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলকভাবে দুটি ট্রানশিপমেন্ট চালান পাঠানো হবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো প্রথম কন্টেইনারটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এনএম ট্রেডিং কর্পোরেশন শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় বুড়িমারী স্থলবন্দরে নিয়ে আসে। ২৮ ও ২৯ নভেম্বর বুড়িমারীর সিঅ্যান্ডএফ এজেন্ট বেনকো লিমিটেড কয়েকবার চেষ্টা করলেও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে কন্টেইনারটি প্রবেশের অনুমতি মেলেনি।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, বাংলাদেশ থেকে ভারতের সড়কপথ হয়ে ভুটানে পৌঁছানোর জন্য যে অনুমোদন দরকার, চ্যাংড়াবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ তা পায়নি। ফলে ট্রানশিপমেন্ট কনটেইনারটি বুড়িমারী বন্দরের ইয়ার্ডে গাড়িসহ অবস্থান করছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্য ও বেনকো লিমিটেডের প্রোপাইটর ফারুক হোসেন বলেন, চট্টগ্রাম থেকে আনা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট চালান এখনও বুড়িমারীতেই আছে। ভারত অনুমোদন দেয়নি। তাই পাঠানো সম্ভব হয়নি। অনুমতি পেলে চালানটি ভুটানে পাঠানো হবে।

বুড়িমারী বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, শনিবার থেকেই ট্রানশিপমেন্ট কন্টেইনারটি বন্দরের মাঠে রয়েছে।

এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ভুটানের চালানের কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ভারতীয় কাস্টমস থেকে অনুমতি মিললে আমরা পণ্য ভুটানের দিকে পাঠাতে পারব।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।