নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের চন্দনাইশে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপি-এলডিপি’র নেতাকর্মীদের মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিসি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।আহতদের মধ্যে যাদের কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সহ- আহমদুর রহমান বাবু (৫০), আবু ছৈয়দ (৫৫), মোহাম্মদ আলী (৫৩), নুরুল ইসলাম মিঠু (৪০), বিএনপি নেতা ইব্রাহিম খোকন (২৮), কৃষকদল নেতা আনোয়ার হোসেন (৪০), শ্রমিকদল নেতা খোকা (৩৫), যুবদল নেতা নাজিম উদ্দীন (৩৩), মো. মিঠু (৩২), ছাত্রদল নেতা জাবেদ রহিম টিপু (২২)।
জানা যায়, দুপুরে কাঞ্চনাবাদ ইউনিয়নে ইউপি সদস্যের কাছে ভিজিএফ কার্ড নিতে যান এলডিপি সমর্থক আবু ছৈয়দ ও বিএনপি সমর্থক নওসা মিয়া। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরিষদের সম্মুখে বিএনপি ও এলডিপি’র সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৭ আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে পুনরায় তারা আবার সংঘর্ষে লিপ্ত হয়। আহতদের মধ্যে আহমদুর রহমান বানুকে ও খোকাকে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে এ ঘটনার জন্য উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলম এবং কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পরস্পরকে দোষী করেছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।