দক্ষিণ পূর্ব

ভিয়েনার জাদুঘর থেকে মিসরের রানি নাজলির ৬৭৩ হীরার হার চুরি

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬
পঠিত : ৩৭
ভিয়েনার জাদুঘর থেকে মিসরের রানি নাজলির ৬৭৩ হীরার হার চুরি

নেকলেস

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি জাদুঘর থেকে মিসরের সাবেক রাজপরিবারের মালিকানাধীন ৬৭৩টি হীরাখচিত একটি মূল্যবান প্লাটিনামের হার চুরি হয়েছে। প্রায় ২০০ ক্যারেটের ঐতিহাসিক এই অলংকারটির আনুমানিক মূল্য ৪৩ লাখ মার্কিন ডলার।

চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে ধরতে অভিযান শুরু করেছে ভিয়েনা পুলিশ। এরই মধ্যে নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা তাদের ছবি প্রকাশ করে জনসাধারণের সহায়তা চাওয়া হয়েছে।

dokkhinpurbo-com.cd778c167c5bd44b59a51db207a5cdd7.webp?v=1787981026

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টস (MAK)-এ এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তি সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করেন। এরপর প্রদর্শনী চলাকালীন হাতুড়ি দিয়ে কাচের ডিসপ্লে ভেঙে হীরার হারটি নিয়ে পালিয়ে যান।

ঘটনার সময় জাদুঘরে বেশ কয়েকজন দর্শনার্থী উপস্থিত ছিলেন। তবে এতে কেউ আহত হননি। চুরি করে বের হওয়ার পর তারা ভিয়েনা সিটি পার্কের দিকে পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ। তাদের একজনের কাছে আগ্নেয়াস্ত্র থাকতে পারে বলেও সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

dokkhinpurbo-com.80557babd620a15e00c656c57cf9440b.webp?v=1787981037

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুজনই মুখ খোলা অবস্থায় নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছেন। চুরির পরপরই শহরের কেন্দ্রীয় এলাকায় তল্লাশি চালানো হয় এবং সন্দেহভাজনদের সন্ধানে প্রশিক্ষিত কুকুরও ব্যবহার করা হয়েছে।

চুরি হওয়া হারটি ফরাসি বিখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস-এর তৈরি। এটি বর্তমানে জাদুঘরে চলমান প্রতিষ্ঠানটির বিশেষ প্রদর্শনীর অংশ ছিল।

প্রদর্শনীর নথি অনুযায়ী, হারটির মালিক ছিলেন মিসরের রানি নাজলি। ১৯৩৯ সালে তার মেয়ে রাজকুমারী ফাওজিয়ার সঙ্গে ইরানের তৎকালীন যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভির বিয়ের অনুষ্ঠানে রানি নাজলি এই হারটি পরেছিলেন। পরে মোহাম্মদ রেজা পাহলভি ইরানের শাহ হন।

dokkhinpurbo-com.63648585e5a479cc9e5df74f9291e52a.webp?v=1787981048

২০১৫ সালে নিউইয়র্কে সোথেবির নিলামে ঐতিহাসিক হারটি ৪৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।

MAK জানিয়েছে, জুন মাস থেকে জাদুঘরে ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের প্রদর্শনীটি চলছিল। এতে ফরাসি প্রতিষ্ঠানটির ১২০ বছরের ইতিহাসের প্রায় ৩০০টি মূল্যবান অলংকার ও শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছিল। চুরির পর প্রদর্শনীটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবারের নির্ধারিত গাইডেড ট্যুরও বাতিল করা হয়। প্রদর্শনীটি আগামী ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল।

ভিয়েনার এই চুরির ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইউরোপের বিভিন্ন জাদুঘরে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে।

গত বছরের অক্টোবরে প্যারিসের লুভর জাদুঘরে দিনের বেলায় ঢুকে কয়েক মিনিটের মধ্যে প্রায় ৮ কোটি ৮০ লাখ ইউরো মূল্যের রাজকীয় অলংকার চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এছাড়া বৃহস্পতিবার স্পেনের ট্রেজার অব ভিলেনা নামের ব্রোঞ্জ যুগের স্বর্ণালংকারের সংগ্রহেও চুরির ঘটনা ঘটে। চলতি মাসে ইতালির মেসিনা শহরের একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের শিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চারটি গুরুত্বপূর্ণ চিত্রকর্মও চুরি হয়।

ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোলের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের জাদুঘরগুলোতে চুরির ঘটনা ক্রমেই সহিংস হয়ে উঠছে। দুর্বৃত্তরা কখনো আগ্নেয়াস্ত্র, কখনো হাতুড়ি, কুঠার এমনকি বিস্ফোরক ব্যবহার করেও মূল্যবান শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন লুট করছে।

ভিয়েনা পুলিশ জানিয়েছে, চুরি হওয়া হীরার হার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সন্দেহভাজন দুই ব্যক্তির বিষয়ে কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র: ইউএনএন

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।